এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে ১-০তে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশের মেয়েরা। নেপালের পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের হয়ে গোলটি করেন অধিনায়ক জুলিয়ান নোংমাইথেম।
ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়াই করেছে বাংলাদেশ ও ভারত। দ্বিতীয় মিনিটে লাল-সবুজদের সামনে সুযোগ আসে কর্নার থেকে গোল করার। মামুনি চাকমা নেয়া শট লক্ষ্যে না থাকায় বল চলে যায় পোস্টের উপর দিয়ে।
পরের মিনিটেই আক্রমণে যায় ভারত। বাংলাদেশি ডিফেন্ডারদের কাছে ব্যর্থ হলে গোলের দেখা পায়নি টিম ইন্ডিয়া। ৪০ মিনিটে ভারত আরও একটি গোলের সুযোগ পেলেও ইয়ারজান বেগম রুখে দেন। তবে পরের মিনিটেই গোল হজম করে অর্পিতা বিশ্বাসের দল। ৪২ মিনিটে অধিনায়ক জুলিয়ান নোংমাইথেমের গোলে লিড পেয়ে যায় ভারত।
এরপর বাংলাদেশ আর কোনো সুযোগ তৈরি করতে না পারলে ১-০তে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় তাদের।
গ্রুপ পর্যায়ের খেলায় বাংলাদেশ ২-০ গোলে ভারতকে হারায়। ঐ ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ জোড়া গোল করেছিল। পুরো ম্যাচেই ছিল বাংলাদেশের নিয়ন্ত্রণ। ফাইনালে বাংলাদেশ সেই খেলা খেলতে পারছে না। বল পজিশন রাখলেও আক্রমণ সেভাবে হয়নি।
সাউথ এশিয়ার মেয়েদের ফুটবলে তিন ক্যাটাগরি বয়সের টুর্নামেন্ট হয়ে আসছে ২০১৮ সাল থেকে। অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ মেয়েদের এই প্রতিযোগিতায় বাংলাদেশেরই জয়জয়কার। এপর্যন্ত হওয়া ৬ আসরের মধ্যে পাঁচবারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। এবার ষষ্ঠ শিরোপা জিততে হলে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানো ছাড়া বিকল্প কিছু নেই মুনকি-অর্পিতাদের।








