এক ম্যাচ হাতে রেখে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতার। তবে বাংলাদেশের সামনে সুযোগ এবারের আসরে শেষটা রাঙিয়ে দেশে ফেরার। সুপার ফোরে টানা দুই ম্যাচ হারের পর অন্তত ভারতের বিপক্ষে জয় পেতে মাঠে নামবেন, বলেছেন অধিনায়ক সাকিব আল হাসানও।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচ।
ম্যাচে হারলেও প্রাপ্তির কিছু জায়গা থাকে প্রায়শই। ভবিষ্যতে ভালো করতে সেগুলো কাজে দেয়। ভারতের বিপক্ষে ম্যাচে কেবল জয় ছাড়া অন্যকিছুতে সাকিবকে খুশি করতে পারবে না। কলম্বোয় টিম হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব বললেন সে কথাই, ‘এই ম্যাচ থেকে অন্যকিছু চাই না, এই ম্যাচটা থেকে শুধু জিততেই চাই।’
ভারতের বিপক্ষে সাম্প্রতিক সময়ে লড়াই বেশ জমে ওঠে বাংলাদেশের। মুখোমুখি দেখায় সাদা বলে এশিয়ার দুদেশ অন্যতম প্রতিদ্বন্দ্বী। সবশেষ ওয়ানডে সিরিজে ভারতকে ২-১এ হারিয়েছে বাংলাদেশ। জয় ছাড়া তাই অন্যকিছু ভাবছেন না সাকিব।








