মালয়েশিয়ায় পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরের। শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ম্যাচ গড়াবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায়।
১৬ দলের আসরে গ্রুপ চারটি। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। গত ডিসেম্বরে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি এশিয়া কাপে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। বিশ্বমঞ্চে নামার আগে বেশ আত্মবিশ্বাসী জুনিয়র টিম টাইগ্রেস।
অধিনায়ক সুমাইয়া আক্তার বলছেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ সামনে এগোতে চাই। আমাদের দলটা অনেক ভালো। দলের শক্তির জায়গা কোনটি আমরা তা জানি। সুতরাং, নিজেদের সেরাটা দিতে পারলে ভালো কিছু হবে আশা করছি।’
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে লাল-সবুজ দল। অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে ম্যাচ নিয়ে সুমাইয়া বলেছেন, ‘অস্ট্রেলিয়া বা অন্য যে দলই হোক আমরা আমাদের খেলা খেলবো। আমরা মনে করি বরং অস্ট্রেলিয়াই আমাদের ভয় পাবে।’
এবারের আসরে প্রতিটি গ্রুপ থেকে সেরা তিনটি করে দল সুপার সিক্স পর্বে খেলার সুযোগ পাবে। সেখানে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল পাবে সেমিফাইনালের টিকিট। ৩১ জানুয়ারি সেমিফাইনাল এবং ২ ফেব্রুয়ারি হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
গ্রুপপর্বে বাংলাদেশের পরের দুই ম্যাচ ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে।








