ভারতের কাছে পার্থ টেস্টে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণ শুরু পেয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে ফিল্ডিংয়ে নেমে দিনের প্রথম বল থেকেই আগুন ঝরিয়েছেন মিচেল স্টার্ক, ম্যাচের প্রথম বলে উইকেট নেয়া অজি পেসার ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। তার তোপে ভারত অলআউট হয়েছে ১৮০ রানে। ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং ফিগার পেয়েছেন স্টার্ক।
অ্যাডিলেডে বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের দ্বিতীয় টেস্টে শুক্রবার টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। পার্থে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে মিচেল স্টার্কের বলে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন যশ্বসী জয়সওয়াল। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত এক ডেলিভারিতে তাকে শূন্য রানেই ফেরান এই অজি পেসার।
টপঅর্ডারের মধ্যে টিকতে পারেন কেবল লোকেশ রাহুল ও শুভমন গিল। রাহুলের ব্যাটে আসে ৩৭ ও গিলের ব্যাটে আসে ৩১ রান। শেষদিকে নীতীশ কুমার রেড্ডি কিছু রান তোলেন। ৫৪ বলে ৪২ রান আসে তার ব্যাটে। রিশভ পান্ট ২১ ও রবীচন্দ্রন অশ্বিন করেন ২২ রান। বিরাট কোহলি ৭ ও প্রথম টেস্টে না খেলা অধিনায়ক রোহিত শর্মা করেন ৩ রান।
অস্ট্রেলিয়ার হয়ে ১৪.১ ওভার বল করে ৪৮ রানে ৬ উইকেট নেন স্টার্ক। দুটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড।








