চাঁদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের নির্বাচনী প্রচারনার গাড়ী বহরে কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নানসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বিকাল থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত পৃথকস্থানে এসব ঘটনা ঘটে।
সন্ধ্যার পর গুপ্টি ইউনিয়নের ষোলধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন, খাজুরিয়া বাজার ও রুপসা বাজারসহ চার দফা হামলার ঘটনা ঘটে।
এর আগে হোগলী এলাকায় স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে ধানের শীষের সমর্থকেরা মিছিল নিয়ে উত্তেজনা পরিস্থিতি তৈরি করে।
রাতে স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নান দাবী করেন, তার গাড়ীতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয়। তিনি নিজে আহত, সাবেক পৌর মেয়র মঞ্জিল, যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম পাটোয়ারী, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, জসিম পাটোয়ারী, বিএনপি নেতা ইউসূফ, শ্রমিক দলের সভাপতি আলী হোসেন ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনসহ ৩০ জন আহত হয়।
আগামী ২৪ ঘন্টার মধ্যে বিএনপির নামধারী হামলাকারীদের গ্রেপ্তার করতে প্রশাসনকে হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে মামলা নেয়া হবে বলেও জানান তিনি।








