প্রবাসে মারা যাওয়া বা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিরা যে ক্ষতিপূরণ পাবেন, তা বৈধ পথে দেশে আনলে ওয়েজ আর্নাস রেমিট্যান্সের মতো ২.৫ শতাংশ প্রণোদনা সুবিধা দেওয়া হবে।
বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়, বিদেশে কর্মরত অবস্থায় মারা যাওয়া বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের নিয়োগদাতা প্রতিষ্ঠান বা বিমা কোম্পানি থেকে পাওয়া ক্ষতিপূরণ বৈধ পথে এলে তার বিপরীতে বিদ্যমান হারে প্রণোদনা বা নগদ সহায়তা প্রদান করা হবে। প্রণোদনা বা নগদ সহায়তা পাওয়ার ক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ বিদেশ থেকে পাঠানো অর্থের আয়ের উৎস নিশ্চিত হতে হবে। সেই সঙ্গে বিদেশ থেকে পাঠানো অর্থ বৈধ পথে দেশে আসার সঙ্গে সঙ্গে টাকায় রূপান্তর করতে হবে।
নতুন এই নির্দেশনা জারির পর থেকেই কার্যকর হবে বলেও জানানো হয়েছে।








