লাইফ রিস্কে আছেন বলে বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন আইনজীবী জেড আই খান পান্না।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালে হাজির হয়ে জেড আই খান বলেন, আমার বাসায় থ্রেট আসে, তাই ট্রাইব্যুনাল যদি মনে করেন আমার নিরাপত্তার বিষয়টি, তাই জানালাম।
একপর্যায়ে সুপ্রিম কোর্টের এই আইনজীবী ট্রাইব্যুনালকে বলেন, সকাল বেলায় শুনলাম সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে, আমি মরে গেছি। হায়াত যেকয়দিন আমি সেকয়দিনই বাচতে চাই। ঈমান আমল নিয়ে মরতে চাই।
মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার হয়ে ট্র্যাইব্যুনালে হাজির আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের পক্ষের আইনজীবী উল্লেখ করে একপর্যায়ে আইনজীবী জেড আই খান পান্না ট্র্যাইব্যুনালকে বলেন, ‘কিছু মানুষের জন্মই হয় উজান গাঙের নাইয়া হতে, আমি তো তাই।’
মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপাসন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না মারা গেছেন।








