ভারতীয় কাস্টমস কর্মকর্তার আকস্মিক মৃত্যুতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে শনিবার (২৮ মার্চ) সকাল থেকে কার্যক্রম পুনরায় চালুর কথা থাকলেও তা স্থগিত রাখা হয়েছে।
জানা যায়, ভারতের হিলি কাস্টমসের সুপারিনটেনডেন্ট মধুসূদন দত্ত ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার এই অকাল মৃত্যুর ঘটনায় দুই দেশের বন্দরসংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এই প্রেক্ষিতে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে হিলি স্থলবন্দরের স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম ব্যাহত হয়েছে।
এই বিষয়ে হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, ভারতের কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামীকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও চালু হবে।
তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই বন্দর কার্যক্রম পুরোপুরি সচল হবে।








