বাংলাদেশকে আরও তিন বিলিয়ন ডলার বাজেট সহায়তা অনুমোদনের ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) খুবই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘আইএমএফ জানতে চেয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার চার দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণের শর্তাবলি সংস্কারের পরিকল্পনা করেছে কিনা। আমি তাদের আশ্বস্ত করেছি, সে ঋণের বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু হয়েছে এবং আমরা কখনও ব্যর্থ হব না।’
ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, আমরা ইতোমধ্যে আমাদের দেশের বাজেট সহায়তার জন্য আইএমএফকে আরও তিন বিলিয়ন ডলার ঋণ গ্রহণের ইঙ্গিত দিয়েছি এবং তারা এ বিষয়ে ইতিবাচক। আমি অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া আইএমএফ’র বোর্ড মিটিংয়ে সংস্থার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বিষয়টি আলোচনা করবো।
এর আগে, আইএমএফের একটি পর্যবেক্ষক মিশন সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে বলে তিনি জানান।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিষয়ে ড. সালেহ উদ্দিন বলেন, প্রকল্প চলমান থাকবে। ঋণ পরিশোধের সময়সীমা আরও দুই বছর বাড়ানোর জন্য রাশিয়াকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত খুবই ইতিবাচক মনোভাব পোষণ করেছেন।
তিনি বলেন, রাশিয়ার রাষ্ট্রদূত রূপপুর প্রকল্পের বাস্তবায়ন এবং ঋণ পরিশোধ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। আমি তাকে আশ্বস্ত করেছি, আমরা নিয়মিত ঋণ পরিশোধ করব।
এসময় অর্থ সচিব মো. খায়রুজ্জামান মজুমদারও উপস্থিত ছিলেন।








