পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। স্মার্ট পুলিশিংয়ের জন্য প্রধানমন্ত্রী আমাদের সক্ষমতা বৃদ্ধি করেছেন, জনবল দিয়েছেন, লজিস্টিক দিয়েছেন। যেকোনও চক্রান্ত যেকোনও প্রচেষ্টাকে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য রুখে দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান।
আইজিপি বলেন: দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দৃঢ় প্রতিজ্ঞ। পুলিশের মনোবল চাঙা রয়েছে। এ দেশের চাকা পেছনের দিকে ঘোরানোর যেকোনও চক্রান্ত যেকোনও প্রচেষ্টাকে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য রুখে দিতে প্রস্তুত রয়েছে। স্বাধীনতার চেতনা থেকে দেশকে পেছনে নেওয়ার প্রচেষ্টা বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য রুখে দিতে সচেষ্ট। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য যারাই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করবে তাদের কঠোরভাবে দমন করা হবে।
চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, দেশীয় ও আন্তর্জাতিক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করে এ দেশে স্বাধীনতার চেতনাকে ভূলুণ্ঠিত করতে চেয়েছিল। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পর দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় সংঘটিত করে দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। পাকিস্তান এখন বলছে, বাংলাদেশের কাছে শিখতে হবে কীভাবে উন্নত-সমৃদ্ধ দেশ গড়া যায়। বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। স্মার্ট পুলিশিংয়ের জন্য প্রধানমন্ত্রী আমাদের সক্ষমতা বৃদ্ধি করেছেন, জনবল দিয়েছেন, লজিস্টিক দিয়েছেন। জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স সেই নীতির আলোকে এ দেশ থেকে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমনের মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করা সম্ভব হয়েছে।
এ সময় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য শেখ কবির হোসেন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন, অতিরিক্ত পরিচালক প্রশাসন কামরুল ইসলাম, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি অতিরিক্ত আইজিপি স্পেশাল ব্রাঞ্চ মোহাম্মদ মনিরুল ইসলামসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।








