আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নাকি রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেবে। বেশি লাফালাফি, নাচানাচি করতে আসলে রাশিয়ার ইউরেনিয়াম মাথায় ঢেলে ঠান্ডা করে দেবো।
বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, বেশি লাফালাফি করলে ভালো হবে না। অবস্থা খারাপ হবে।
তিনি সোমবার বিকালে রাজধানীর গাবতলীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, অক্টোবরে বিএনপি নাকি ঢাকা অচল করে দেবে। ঢাকা অচল করতে আসলে ঢাকাবাসী বিএনপিকেই অচল করে দেবে। নিজেরাই অচল হয়ে যাবে।
বিশ্ব সংকটে দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধিতে মানুষ কষ্টে আছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এই কষ্ট থাকবে না। শেখ হাসিনার ঘুম হারাম মানুষের কথা ভেবে। কিভাবে মানুষকে খাওয়াবে, পরাবে।
জিনিসপত্রের দাম বেশি, কিন্তু একজন মানুষও না খেয়ে মরেনি। মানুষ বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আওয়ামী লীগ বাঁচবে, মুক্তিযুদ্ধ বাঁচবে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিএনপি-জামাতের চলমান দেশ বিরোধী ও নির্বাচন বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর গাবতলী থেকে শ্যামলী পর্যন্ত প্রদক্ষিণ করে।







