করোনা মহামারিতে যদি আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনায় না থাকত তবে পথে পথে মরদেহ পড়ে থাকতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বাংলাদেশে বিনা পয়সায় ভ্যাকসিন ও করোনা টেস্ট করানো হয়েছে, দেয়া হয়েছে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা।
সোমবার গণভবনে আওয়ামী লীগ নবগঠিত সভাপতিমণ্ডলীর বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না।
২২তম জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে দায়িত্ব নিয়েছে আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। সম্মেলনের একদিন পর প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের নতুন প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক, উদ্দেশ্য পুর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন।
বৈঠকের শুরুতে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন কী, তা জনগণ আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করলেই অনুধাবন করতে পারে।
করোনা মহামারি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বের মত আমাদের দেশের অর্থনীতি ও উন্নয়ন যাত্রায় ব্যাঘাত ঘটিয়েছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান।
বঙ্গবন্ধুর আদর্শ ও ত্যাগ নিয়ে সংগঠনকে শক্তিশালী করে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি।








