প্রথম জয়ের জন্য মাঠে নেমে বাংলাদেশি বোলারদের তুলোধুনা করেছে নিউজিল্যান্ডের মেয়েরা। কিউই কোনোও ব্যাটারের কাছে পাত্তাই পায়নি মারুফা-নাহিদা-সালমারা। সুজি বেটসের ৬১ বলে ৮১ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ১৮৮ রান তোলে নিউজিল্যান্ড।
শুক্রবার সাউথ আফ্রিকার কেপটাউনে নিজেদের তৃতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক সোফি ডিভাইন। শুরুতেই বাংলাদেশী বোলারদের উপর চড়াও হন দুই ওপেনার সুজি বেটস ও বের্নাডিন।
খুব বেশি ছন্দে না থাকা নিউজিল্যান্ড পাওয়ার প্লে শেষে কোন উইকেট না হারিয়ে ৪৯ রান তোলে। উইকেট নেওয়ার মতো তেমন কোন সুযোগও তৈরি করতে পারেনি বোলাররা। ৩১ বলে দলীয় অর্ধশত রান তুলে তারা।
নবম ওভারে প্রথম সাফল্য আসে বাংলাদেশের, ২৬ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলা বের্নাডিনকে ফেরান স্বর্ণা। অপরপ্রান্তে ওপেনার বেটস ৪৩ বলে ফিফটি তুলে নেন।

১৩তম ওভারের পঞ্চম বলে অ্যামেলিয়া কের (১৬) ও ষষ্ঠ বলে ০ রানে অধিনায়ক ডিভাইনকে ফেরান ফাহিমা খাতুন।
চতুর্থ উইকেট জুটিতে বেটস ও ম্যাডি গ্রিন ৮২ রানের পার্টনারশিপ গড়েন। গ্রিন ২০ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশের ফাহিমা ৩৬ রানে ২টি ও স্বর্ণা ১২ রানে একটি উইকেট নেন।








