ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সিলেট টেস্টে ৩২৮ রানে হারের পর চট্টগ্রাম টেস্টে হেরেছে ১৯২ রানে। এতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় তিন ধাপ নিচে নেমে গেছে নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে পাকিস্তানকে টপকে টেবিলের চারে উঠেছে লঙ্কানরা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে এখন পর্যন্ত খেলেছে ৪ ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ সিরিজের আগে খেলা দুটি ম্যাচেই হেরেছিল তারা। বাংলাদেশের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে তাদের পয়েন্ট এখন ৫০ শতাংশ।
অন্যদিকে বাংলাদেশ টেস্ট খেলেছে ৪টি। শ্রীলঙ্কা সিরিজের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল টিম টাইগার্স। সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা সিরিজের আগে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ছিল চারে। সিলেট ও চট্টগ্রাম টেস্টে হারের পর বাংলাদেশের পয়েন্ট এখন ২৫ শতাংশ। ফলে যৌথভাবে সপ্তম স্থানে আছে সাউথ আফ্রিকার সঙ্গে।
টেবিলের শীর্ষে আছে ভারত। ৯ ম্যাচে ৬টি জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৬৮.৫১ শতাংশ। দুইয়ে অস্ট্রেলিয়া। ১২ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৬২.৫০ শতাংশ।
আর পয়েন্ট তালিকায় সবার নিচে ইংল্যান্ড। ১০ ম্যাচে তারা জিতেছে মাত্র ৩টিতে। হেরেছে ৭ ম্যাচে, ড্র একটিতে। ইংলিশদের পয়েন্ট ১৭.৫০ শতাংশ।








