সূচি অনুযায়ী আগামী বছরের ৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর কথা। বাকি তিন মাস। আয়োজক হিসেবে পাকিস্তানও প্রস্তুতি শুরু করেছে। তবে পরিস্থিতি জটিলতার দিকে, ভারত দল পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে আপত্তি তোলায়। ভারত টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে না গেলে ‘হাইব্রিড মডেলে’ আয়োজনে রাজি নয় পাকিস্তান। এই সংকট উত্তরণের উপায় বাতলে দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।
সাবেক উইকেটরক্ষক-ব্যাটার মনে করেন, আইসিসির উচিত ভারত ও পাকিস্তানকে কোনো টুর্নামেন্ট আয়োজন করতে না দেয়া, যতক্ষণ পর্যন্ত দুই দেশ নিজেদের মধ্যে ঝামেলা না মেটায়।
৫৬ বর্ষী লতিফ বলেছেন, ‘আমার পরামর্শ হল- আইসিসির উচিত ২০২৪-২০৩১ চক্রের জন্য ভারত-পাকিস্তান থেকে সব বৈশ্বিক ইভেন্টের আয়োজক অধিকার কেড়ে নেয়া৷ যদি এই দুটি দল একে অপরের দেশে খেলতে না চায়। এই বোর্ডগুলোকে আগে সব সমস্যার সমাধান করা উচিত। তারপর আবার আয়োজক অধিকার। এই সময়ে পাকিস্তান দুটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে, ভারতও এই সময়ের মধ্যে চার-পাঁচটি ইভেন্ট আয়োজন করবে। আয়োজক অধিকার কেড়ে নিন।’
‘প্রথমবারের মতো বলছি, দায়টা এখানে বিসিসিআইয়ের। তারা যে কারণ দেখায়, সেটা খুবই দুর্বল। আপনাদের নিরাপত্তা নিয়ে আপত্তি থাকলে সেটা বলুন। আইসিসির নিরাপত্তা দল পাকিস্তানে এসে টুর্নামেন্ট নিয়ে সবুজ সংকেত দিয়ে গেছে। আপনাদের আপত্তি থাকলে ওদের বলতে পারতেন।’
‘পাকিস্তান ভারতের সঙ্গে খেলা বন্ধ করে দেয়ার বড় সম্ভাবনা আছে। আমার যদি ক্ষমতা থাকত, আমিই এই পদক্ষেপ নিতাম। এজন্য কাউকে দোষারোপ করতাম না। যদি (পাকিস্তানে) খেলতে না চাও, তাহলে আমাদের সঙ্গে খেলোই না। সিদ্ধান্ত নেয়ার জায়গায় থাকলে এটাই নিতাম। বিসিসিআইয়ের বিরুদ্ধে লড়তাম।’








