মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত ফিফটি উপহার দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। আইসিসির ব্যাটিং র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়েছেন বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে সেরা সাতে উঠে এসেছেন সালমা খাতুন।
মঙ্গলবার সবশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বোলিং, ব্যাটিং ও অলরাউন্ডার তালিকায় শীর্ষ দশে খুব একটা পরিবর্তন আসেনি।
আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫৩ বলে ৬৭ রানের ইনিংস খেলেন নিগার। পরে স্কটল্যান্ডের বিপক্ষেও উইকেটরক্ষক-ব্যাটার আনেন ৩৪ রান। সেই সুবাদে র্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে উঠেছেন।
টি-টুয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মাঝে জ্যোতিই এখন সবার উপরে। তার পরেরজন ফারজানা হক, আছেন ৪৬ নম্বরে।
২০ ওভারের ক্রিকেটে দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম দেখানো সালমা খাতুন রয়েছেন ৭ নম্বরে। অভিজ্ঞ তারকা সেরা দশে পেছনে ঠেলেছেন স্কটল্যান্ডের ক্যাথরান ব্রেস ও পাকিস্তানের নিডা ডারকে। এক ধাপ পিছিয়ে তালিকায় সেরা ২০-এ আছেন রুমানা আহমেদ।








