বিদ্রোহ বা বিপ্লবের ভাষা ছিলো শহরের দেয়ালে দেয়ালে। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শহরের বিভিন্ন দেয়ালে এঁকে রেখেছিলো ক্ষোভের ক্ষত নানান দেয়াললিপি। বিজয়ের পর এবার তারা বিজয়ের রঙে সেই ক্ষত মুছে দিয়ে এঁকে দিচ্ছে বর্ণীল বিজয়গাথা।
শুক্রবার ধানমন্ডির রবীন্দ্র সরোবরের কাছে রাস্তার পাশের দেয়ালে একদল শিক্ষার্থী রঙ তুলি দিয়ে ছবি আঁকছিলো। তাদের একজন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএ’র শিক্ষার্থী নিশাত বললেন, ‘গত কয়েক সপ্তাহে আমরা আন্দোলনের ক্ষোভের ভাষা লিখে রেখেছিলাম দেয়াল জুড়ে। এখন সেই ক্ষোভের ক্ষত ঢেকে দিচ্ছি বিজয়ের রঙে। আমরা সবাই যে খুব ভালো আঁকতে জানি তা নয়। তবে রক্তের বিনিময়ে যে বিজয় আমরা পেয়েছি তার প্রাথমিক ভাষা আমরা ছবির মাধ্যমে তুলে ধরছি।’
ধানমন্ডি সাত মসজিদ রোডে আরও একদল শিক্ষার্থী দেয়ালে দেয়ালে ছবি আঁকছিলেন। ছবিতে ফুটে উঠছে আন্দোলন সময়ের নানান চিত্র। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থী ইমামুর রশীদ বলেন, ‘আমরা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের জমানো টাকায় রঙ কিনে শহরের দেয়ালগুলো রাঙিয়ে দিচ্ছি। আমরা আমাদের আঁকা ছবিতে বিপ্লবে রক্তদানের স্মৃতি তুলে রাখছি। আমরা চাই দেশ থেকে বৈষম্য দূর হোক। নানা জনের নানা মতের নানা রঙের রঙিন একটা দেশ চাই আমরা।’
শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও অভিভাবকরাও ছিলেন। জুয়েল রহমান নামের এক অভিভাবক বলেন, আমরা ভেবেছিলাম এ প্রজন্ম হয়তো শুধু সোশ্যাল মিডিয়ায় বুদ হয়ে থাকে। তারা আমাদের ভুল প্রমাণিত করে রাষ্ট্রের এক অনন্য জাগরণের কাজ করেছে। তারা তাদের দেশটাকে তাদের মতো করেই গড়ে নিতে শিখুক।’









