শ্রীমঙ্গলে পাবলিক লাইব্রেরি ও শিশু উদ্যান অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শ্রীমঙ্গলের সচেতন নাগরিক সমাজ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শিশু উদ্যানের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৭ সালে তৎকালীন জেলা প্রশাসক লাইব্রেরির আধুনিকায়ন করেন। একসময় সেখানে প্রচুর বই ও পাঠক ছিল। কিন্তু ২০১২ সালে ‘উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ কলেজে’র নামে ভবনটি দখল করা হয়। পরবর্তীতে কলেজ সরালেও লাইব্রেরি পুনঃপ্রতিষ্ঠিত হয়নি।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ ৪০ বছরেও শিশু উদ্যানের কোনো উন্নয়ন হয়নি। এখনও এটি অবহেলিত অবস্থায় রয়েছে। বর্তমানে উদ্যান ও লাইব্রেরির একাংশ দখল করে একটি বেসরকারি কেজি স্কুল কার্যক্রম চালাচ্ছে। তারা বলেন, সরকারি জমিতে কীভাবে বেসরকারি স্কুল পরিচালিত হচ্ছে, প্রশাসনের কাছে তারা জানতে চান।
‘শ্রীমঙ্গল শিশু উদ্যানে’র নাম পরিবর্তন করে ‘শেখ রাসেল শিশু উদ্যান’ করা হয়েছে, যা নিয়ে মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, এটি প্রতিষ্ঠাকালীন নামেই ফিরে আসতে হবে। একইসঙ্গে লাইব্রেরি ও উদ্যান দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে। গড়ে তুলতে হবে শিশু একাডেমি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মো. কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, আহমেদ ফারুক মিল্লাদ, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি নিলয় রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোজাহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, মৌলভীবাজার সরকারি কলেজ শিক্ষার্থী হোসাইন আহমদ আফজল, স্টুডেন্ট এলায়েন্স শ্রীমঙ্গলের প্রতিনিধি ফারহানা নাজনীন নিশি, ছড়াকার জাবেদ ভুইয়া, আবৃত্তিকার বিকাশ দাশ বাপন, নৃত্যশিল্পী দ্বীপ দত্ত আকাশসহ অনেকে।
বক্তারা দাবি জানান, পাবলিক লাইব্রেরি ও শিশু উদ্যান অবিলম্বে দখলমুক্ত করতে হবে। তারা উপজেলা প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন এবং দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা গেটের পুরোনো নাম ফলকের ওপরে ‘শ্রীমঙ্গল শিশু উদ্যান’ সাইনবোর্ড ঝুলিয়ে দেন। পরে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের অফিসে জমা দেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, এই বিষয়ে একটি চিঠি পেয়েছি। শিশু উদ্যানের জন্য সরকারের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে। আর পাঠাগারের বিষয়টি শ্রীমঙ্গল পৌরসভার সাথে সমন্বয় করে সবাইকে নিয়ে এগিয়ে যাবো আশা করছি।








