শুরুতে পিছিয়ে পড়ে ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তবে ওমানের দিয়েছে পাল্টা জবাব। শেষপর্যন্ত আর জয়ের দেখা পেল না লাল-সবুজদের দল, হল না ফাইনালে খেলার স্বপ্নপূরণ। সেমিফাইনালে বিদায় নিতে হল বাংলাদেশ হকি দলকে। এশিয়ান কাপে খেলার স্বপ্নও গুঁড়িয়ে গেছে মামুনুর রশীদদের। প্রতিযোগিতার সেরা দুদল পাবে ভারতের মাটিতে হতে চলা এশিয়ান কাপে খেলার টিকিট।
ইন্দোনেশিয়ার জাকার্তায় শুক্রবার প্রথম সেমিফাইনালে ওমানের বিপক্ষে ৫-৪তে হেরেছে বাংলাদেশ। গত এশিয়ান গেমসে সবশেষ দেখায় তাদের বিপক্ষে ৪-৩তে হারের প্রতিশোধ নিতে পারল না মামুনুরের দল।
আগস্টে ভারতের রাজগিরে হবে এবারের এশিয়ান কাপ। যেখানে সুযোগ পেয়েছে টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট ওমান ও চীনা তাইপে। বাংলাদেশকে এখন তৃতীয় স্থানের লড়াইয়ের জন্য খেলতে হবে ২৭ এপ্রিল। প্রতিপক্ষ কাজাখস্থান।








