সুপারস্টার শাকিব খানের আসন্ন ঈদের ছবি ‘প্রিয়তমা’র শুটিং একেবারে শেষের দিকে। ছবির পরিচালক হিমেল আশরাফ জানালেন, প্রায় একমাস বিরতিহীন শুটিংয়ের পর ‘প্রিয়তমা’ টিম এখন ঢাকায়। আলোচনার তুঙ্গে থাকা এ ছবিটি নিয়ে নির্মাতা বলেন, ‘সিনেমার ড্রামা অংশের দৃশ্যের চিত্রায়ন শেষ’।
এক ফেসবুক পোস্টে তিনি জানান, শুধু অ্যাকশন ও গানের চিত্রায়ন বাকি। আশা করছি সেটিও সঠিক সময়ে পরিকল্পনা অনুযায়ী শেষ করে মুক্তি দেব।
টানা শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে পরিচালক হিমেল বৃহস্পতিবার রাতে একটি পোস্ট দিয়ে এ ছবির টিমের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে লিখেছেন, ‘আমাদের টিমের শতাধিক মেম্বারদের যারা ভোর ৬ টা থেকে মধ্যরাত পর্যন্ত প্রত্যেকটা দিন, বিরতিহীন অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে স্যালুট।’
‘ধন্যবাদ সকল অভিনয় শিল্পীদের, বিশেষ করে আমাদের প্রধান চরিত্রের সুপারস্টার শাকিব খান, গত ১২ বছরে আমার মন হয় না কোন সিনেমার জন্য তিনি এই অক্লান্ত পরিশ্রম করেছেন। তার সর্বোচ্চ সহযোগীতা ও চেষ্টার কারণেই আমরা ঠিকঠাক আমাদের কাজটা করতে পারছি।’
পরিচালক বলেন, প্রযোজক আরশাদ আদনান যিনি চোখ বন্ধ করে আমাদের উপর আস্থা রেখেছেন। তার সার্বিক তত্ত্বাবধায়ন ছাড়া নিরবিচ্ছিন্নভাবে শুটিং শেষ করতে পারতাম না। ধন্যবাদ সংবাদকর্মীদের যারা শুরু থেকেই আমাদের সাথে আছেন, পাশে আছেন। কৃতজ্ঞতা জানাই।
ফার্স্টলুক ছাড়ার পর থেকে দর্শকের আগ্রহের শীর্ষে দেখা যাচ্ছে প্রিয়তমাকে। এতে শাকিব খানের লুক দেখে সমালোচকরাও বিস্মিত হয়েছেন।
পরিচালক হিমেল আশরাফ তাদের উদ্দেশে বলেন, ধন্যবাদ সাধারণ দর্শকদের যারা আমাদের সিনেমা মুক্তি বা প্রচারণার আগেই এই সিনেমাকে আলোচনা ও আগ্রহের শীর্ষে নিয়ে গিয়েছেন। বিশ্বাস করেন, আপনাদের আগ্রহ, ভালোবাসা, অপেক্ষাই আমাদের সব বাধা, কষ্ট, প্রতিকূলতা পার করে এগিয়ে নিচ্ছে। আপনাদের একটা ভাল সিনেমা উপহার দিতে প্রিয়তমা টিম তাদের সবটুকুন উজার করে দিচ্ছে। দেখা হবে সিনেমা হলে।








