জনপদ

নিষেধাজ্ঞার আগে কমেছে ইলিশের দাম, মাঝরাতেও ক্রেতাদের ভিড়

নিষেধাজ্ঞার আগে কমেছে ইলিশের দাম, মাঝরাতেও ক্রেতাদের ভিড়

ছবি: সংগৃহীত

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দরে জমে উঠেছে ইলিশের বাজার। বুধবার (৭ অক্টোবর) রাতের বাজারে রুপালি ইলিশের ঝলক আর ক্রেতাদের ভিড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

নিষেধাজ্ঞা শুরুর আগে শেষ মুহূর্তে ইলিশ কিনতে নারী-পুরুষ ক্রেতাদের ভিড় দেখা যায় বাজারজুড়ে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) পর্যন্ত ইলিশ বিক্রির এই জমজমাট আয়োজন চলবে বলে জানিয়েছেন স্থানীয় বিক্রেতারা।

বিক্রেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, চার পিসে এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা দরে। দুই পিসে এক কেজি ইলিশের দাম ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৩০০ টাকা। আর এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা দরে।


ইলিশের প্রধান প্রজনন মৌসুম সামনে রেখে নিষেধাজ্ঞা শুরু হওয়ায় শেষ মুহূর্তের বাজারে ক্রেতাদের আগ্রহও বেড়েছে। কেউ পরিবারের জন্য, আবার কেউ স্বজনদের জন্য ইলিশ কিনছেন।

একদিকে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার প্রস্তুতি, অন্যদিকে নিষেধাজ্ঞার আগে শেষ মুহূর্তের কেনাবেচা, দুইয়ে মিলে টরকী বন্দরের ইলিশের বাজারে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

এদিকে মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে বরিশালে বিভাগীয় পর্যায়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা সফল করতে বুধবার বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের আলোকে বিভাগীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

সভায় জানানো হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বরিশাল বিভাগের নদ-নদী ও মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয়ও বন্ধ থাকবে।

সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মৎস্য বিভাগের কর্মকর্তা এবং জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মা ইলিশ সংরক্ষণ ও টেকসই মৎস্যসম্পদ রক্ষায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

বিষয়:ইলিশের বাজার ঐতিহ্যবাহী টরকী বন্দর নারী-পুরুষ ক্রেতা রুপালি ইলিশ
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…