আন্তর্জাতিক

ভুয়া সনদে উচ্চপদে চাকরি, মাসে বেতন ৩ লাখের বেশি

ভুয়া সনদে উচ্চপদে চাকরি, মাসে বেতন ৩ লাখের বেশি

ভুয়া অভিজ্ঞতার সনদ ও জাল নথি ব্যবহার করে ভারতের মধ্যপ্রদেশের একটি অটোমোবাইল কোম্পানিতে উচ্চপদে চাকরি নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেবেন্দ্র কুমার দুবে নামের ওই ব্যক্তি প্রতিষ্ঠানটির গ্রুপ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই পদে তার মাসিক বেতন ছিল ২ লাখ ৮০ হাজার ৬৭০ রুপি অর্থাৎ ৩ লাখ ৬০ হাজার ৫২৮ টাকা।

মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পুলিশের অভিযোগ, কানপুরের বাসিন্দা দেবেন্দ্র চাকরির আবেদনে তার আগের কর্মস্থল হিসেবে ল্যান্ডমার্ক গ্রুপের নাম উল্লেখ করেন। এসব তথ্যের ভিত্তিতে তিনি গোয়ালিয়রে অবস্থিত শ্রিতুলজা ভবানি অটোমোবাইল প্রাইভেট লিমিটেডে গ্রুপ ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ পান। তবে পরবর্তী তদন্তে দেখা যায়, দেবেন্দ্র কখনোই ল্যান্ডমার্ক গ্রুপে কাজ করেননি। চাকরি পাওয়ার জন্য তিনি তিনটি ভুয়া অভিজ্ঞতার সনদসহ বিভিন্ন জাল নথি জমা দিয়েছিলেন বলে অভিযোগ করেছে পুলিশ।

ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর অমিত শর্মা জানান, দেবেন্দ্র কুমার দুবের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কীভাবে এসব জাল নথি তৈরি করা হয়েছিল এবং সেগুলো ব্যবহার করে তিনি কীভাবে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ভুয়া নথির মাধ্যমে চাকরি পাওয়ার পর দেবেন্দ্র ওই পদে কাজ চালিয়ে যান এবং প্রতি মাসে ২ লাখ ৮০ হাজার ৬৭০ রুপি বেতন গ্রহণ করেন। মামলা দায়েরের পর দেবেন্দ্রকে গ্রেপ্তারে অভিযান শুরু করে ক্রাইম ব্রাঞ্চ। সোমবার পুলিশের একটি দল কানপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তাকে গোয়ালিয়রে নেওয়া হচ্ছে। সেখানে জালিয়াতি ও চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রতারণার অভিযোগে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীরা এখন ভুয়া সনদ ও অন্যান্য নথি তৈরির সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না এবং এসব নথি কীভাবে যাচাই প্রক্রিয়া এড়িয়ে গেল, তা খতিয়ে দেখছেন।

বিষয়:চাকরিভারতভুয়া সনদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…