মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।
এসংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।
২০০৪ সালের পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইনের ৩১(১) ও (২) ধারা প্রতিপালন না করে ‘নগদ’-এ প্রশাসক নিয়োগের মেমো (আদেশ) কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। অর্থসচিব, ডাক ও টেলিযোগাযোগসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ বিবাদীদের আগামী ১০ দিনের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংক ‘নগদ’-এ প্রশাসক নিয়োগ বিষয়ে অভ্যন্তরীণ আদেশ জারি করে। এতে প্রতিষ্ঠানটির চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়। ওই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ‘নগদ’-এর স্বতন্ত্র পরিচালক মো. শাফায়েত আলম গত ২ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মুস্তাফিজুর রহমান খান। এছাড়া রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জমির উদ্দিন সরকার, আইনজীবী কারিশমা জাহান ও মো. জামিলুর রহমান। আর বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাথিকা হোসেন।








