উপজেলা নির্বাচনে জাকিয়া কামালকে মনোনয়ন দিতে হাইকোর্টের নির্দেশ

Portrait of a woman with curly hair, bold makeup, and a vibrant outfit, showcasing fashion and beauty. Channel i News – চ্যানেল আই নিউজ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ডা. জাকিয়া কামাল মুনকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে শ্রীনগরের ভোটার না হয়েও তার নির্বাচন করতে আর কোনো বাধা নেই।
গত সোমবার (২৯ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে এ দিন রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আতিকুর রহমান। আর রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। সঙ্গে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ও আনিচ উল মাওয়া।
রিটকারী আইনজীবী বলেন, ডা. জাকিয়া কামাল মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। কিন্তু তিনি রাজধানী ঢাকার নিউমার্কেট থানার বাসিন্দা ও ভোটার। তার মনোনয়নপত্র কেনার পর জেলা নির্বাচন সংক্রান্ত কার্যালয় তাকে মনোনয়ন দিচ্ছে না। অনলাইনে মনোনয়ন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। পরে তিনি রাজধানী ঢাকার নিউমার্কেট থানার বাসিন্দা বলে তার মনোনয়ন পেতে রিট আবেদন করেন। ওই আবেদন শুনানি নিয়ে এ আদেশ দেন।
আইনজীবী জানান, সংসদ সদস্য পদে নির্বাচন করতে এক এলাকার ভোটার অন্য সংসদীয় এলাকায় নির্বাচন করতে পারেন যদিও তিনি ওই এলাকার ভোটার না। এ ক্ষেত্রে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর অনুমোদ না দেওয়া বৈষম্য। তাই সংবিধান অনুযায়ী এবং মৌলিক অধিকারের কথা বিবেচনা করে তাকে নির্বাচন করার এবং প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন আদালত।
আগামী ২৯ মে শ্রীনগরে উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।






