লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেও আত্মসমর্পণ না করার ঘোষণা দিয়েছে। সংগঠনটির নেতা নাইম কাসেম বলেছেন, যেকোনো পরিস্থিতিতেই তারা লড়াই চালিয়ে যাবে।
আজ (৫ মার্চ) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্থানীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ২০২৪ সালের শেষ দিকে হওয়া যুদ্ধবিরতি চুক্তি তারা মেনে চলেছিল, কিন্তু ইসরায়েল সেই চুক্তির কোনো ধারাই বাস্তবায়ন করেনি।
নাইম কাসেম বলেন, কূটনৈতিক সমাধানের সুযোগ হিসেবে তারা ওই চুক্তিতে সম্মত হয়েছিল। তবে ইসরায়েলের ধারাবাহিক পদক্ষেপের কারণে পরিস্থিতি এখন সংঘাতের দিকে গড়িয়েছে। ধৈর্যেরও সীমা আছে এবং হেজবুল্লাহ শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।
এর আগে সোমবার হেজবুল্লাহ রকেট ও ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালায়। এর পটভূমিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর সামনে আসে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল লেবাননের বিভিন্ন স্থানে ব্যাপক বিমান হামলা চালায়।







