শিগগির নতুন জীবন শুরু করতে যাচ্ছেন দক্ষিণী সিনেমার তারকা নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা। গেল ৮ আগস্ট বাগদান সেরেছেন এই তারকা জুটি। এবার অপেক্ষা তাদের বিয়ের।
জানা গেছে, আগামী ৪ ডিসেম্বর চার হাত এক হবে নাগা ও শোভিতার। ইতোমধ্যেই তাদের নিমন্ত্রণপত্রের ছবি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল হ্যান্ডেলে। দক্ষিণী দুই তারকাই তাদের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতির অনুরাগী। তাই বিয়ের মতো একটি অনুষ্ঠানের সঙ্গেও জড়িয়ে রাখতে চান টুকরো টুকরো কিছু জিনিস। ঠিক তেমনি বিয়ের সাজসজ্জাতেও দক্ষিণী ঐতিহ্যের ছাপ রাখতে চান তারা।
টাইমস নাউয়ের প্রতিবেদন অনুসারে অভিনেত্রীর ঘনিষ্ট একটি সূত্রের তরফে জানা গেছে শোভিতা ইতোমধ্যেই তার বিয়ের পোশাক চূড়ান্ত করেছেন। তবে সেটি কোন ডিজাইনার পোশাক নয়, বরং ঐতিহ্যকে আকড়ে ধরে রেখে কাঞ্জিভরম শাড়িকে বাছাই করেছেন এই মডেল অভিনেত্রী। যার পাড়ে থাকছে সোনার জরির কাজ।
এছাড়াও প্রাক-বিবাহ অনুষ্ঠানের জন্য শোভিতা একটি সাধারণ সাদা খাদি শাড়িও বেছে নিয়েছেন, যা অন্ধ্রপ্রদেশের পন্ডুরু শহর থেকে বিশেষভাবে তার বিয়ের উৎসবের জন্য বোনা হয়েছে। সেই সাথে তার বর নাগা চৈতন্যের জন্য একটি ম্যাচিং সেট সংগ্রহ করেছেন বলে জানা গেছে। বিয়েতে দক্ষিণী ভারতীয় রীতিনীতির ছোঁয়া থাকছে শোভিতার সাজে।
সম্প্রতি হবু দম্পতির বিয়ের নিমন্ত্রণপত্রের ঝলক ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেই সঙ্গে তারা যে পূর্বনির্ধারিত দিনেই নতুন জীবন শুরু করতে চলেছেন, সেই খবরেও সিলমোহর পড়েছে।
সমাজমাধ্যমে শোভিতা এবং নাগার বিয়ের অনুষ্ঠানের ছড়িয়ে পড়া নিমন্ত্রণপত্রে দুই পরিবারের তরফে অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। যেখানে লেখা হয়েছে, ‘‘আমরা আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদের অপেক্ষায় থাকব।’’ যাদের কাছে নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে, সঙ্গে বেশ কিছু উপহারও রয়েছে। তার মধ্যে অন্যতম হল, ফুল এবং শাড়ি।
এর আগে নাগা-সামান্থার বিয়েতে সামান্থা নাগার ঠাকুমার শাড়িতে সেজেছিলেন। সাদা কাঞ্জিভরম শাড়িতে সোনালী সুতোর পাড় ছিল। সঙ্গে সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা ব্লাউজ। যদিও বিয়ে ভেঙে যাওয়ার পর সেই শাড়ি ফিরিয়ে দেন অভিনেত্রী।- পিঙ্কভিলা







