কানাডার কুইবেকে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৪

ছবি: কানাডার কুইবেকে হেলিকপ্টার বিধ্বস্ত (প্রতিনিধি)।
কানাডার কুইবেক প্রদেশে একটি ব্যক্তিমালিকানাধীন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ চারজন নিহত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) পরিবারের সদস্য ও স্বজনদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত তিন যাত্রীর পরিচয় পাওয়া গেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরের পর মন্ট্রিয়লের প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সাঁত-ব্রিজিদ-দিবেরভিল এলাকার রং দে একোসে দুর্ঘটনাটি ঘটে।
কুইবেকের প্রাদেশিক পুলিশ জানায়, হেলিকপ্টারটি দুর্ঘটনার আগে কোনো ধরনের সমস্যায় পড়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে হেলিকপ্টারটিতে আগুন জ্বলতে দেখা যায়। প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ভেতরে থাকা চারজনকেই ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়।
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে রোববার পরিবারের সদস্য ও স্বজনদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত তিন যাত্রীর পরিচয় জানা গেছে। তারা হলেন চানতাল রেমন্ড তার ছেলে লুকাস পেরিয়লট এবং তার জামাতা গ্যাব্রিয়েল জাসমিন। জাসমিন শেরব্রুকের একটি রেডিও স্টেশনে উপস্থাপক হিসেবে কাজ করতেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা রেমন্ড এর জন্মদিন উদযাপন উপলক্ষে হেলিকপ্টারে ভ্রমণে বেরিয়েছিলেন।






