চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

ছবি: প্রতিনিধি।
চাঁদপুরে ৮ থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) কিশোর গ্যাংবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ৩৭০ জনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, আটককৃতরা সুনির্দিষ্ট কোনো অপরাধের সঙ্গে জড়িত কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। যাদের বিরুদ্ধে মাদক সেবন বা মাদক কারবারি, মারামারি, চাঁদাবাজি কিংবা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট প্রমাণ মিলছে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘কিশোর গ্যাং, উঠতি বয়সী কিশোরদের অপরাধপ্রবণতা এবং জনশৃঙ্খলা বিঘ্নিতকারী কর্মকাণ্ড প্রতিরোধে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।’
তিনি আরও বলেন, ‘অভিযানে ৩৭০ জনকে আটক করা হয়।’






