ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়লেও সিরাজগঞ্জ মহাসড়কে বড় কোনো যানজট দেখা যায়নি।
আজ (১৯ মার্চ) বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ আগের তুলনায় দ্বিগুণ বেড়েছে, তবে চলাচল এখনও স্বাভাবিক রয়েছে। যমুনা সেতুর পশ্চিম পাড়, কড্ডার মোড়, নলকার মোড় ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় যানবাহনের সংখ্যা বাড়লেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
সেতুর টোল প্লাজা এলাকায় যানবাহনের চাপ থাকলেও দ্রুত টোল আদায় ও অতিরিক্ত রেসকিউ টিমের প্রস্তুতির কারণে যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে। মহাসড়কের চলমান চার লেন উন্নয়নকাজও স্থানীয় যানবাহনের চাপ কমাতে সহায়ক হচ্ছে। হাটিকুমরুল ইন্টারচেঞ্জে কাজ চলমান থাকলেও বড় কোনো বিঘ্ন দেখা যায়নি।
উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এই মহাসড়ক ও যমুনা সেতু। বিকল্প সড়ক না থাকায় প্রতি ঈদে যানবাহনের চাপ বাড়ে। তবে এবার সমন্বিত ব্যবস্থাপনা ও অবকাঠামোগত উন্নয়নের কারণে স্বস্তির ঈদযাত্রার আভাস পাওয়া যাচ্ছে।








