শুরু হয়েছে ৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসর। উৎসবের তৃতীয় দিনে দর্শক দেখতে পারবেন গেল বছরের আলোচিত বাংলা ছবি ‘হাওয়া’।
উৎসবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে সোমবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ‘হাওয়া’ দেখতে পারবেন দর্শক।
গেল বছরে মুক্তি পাওয়া বাংলাদেশের সবচেয়ে আলোচিত ছবি ‘হাওয়া’। টানা কয়েক মাস ধরে দেশের সিনেমা অঙ্গনে আলোচনার শীর্ষে মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবিটি। সম্প্রতি ছবিটি নিয়ে কলকাতায় হুল্লোড়ে মেতেছিলেন দর্শক।
গভীর সমুদ্রের একটি ট্রলারের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন নিয়ে ঘটনা নিয়ে ‘হাওয়া’ তৈরি হয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান প্রমুখ।
নির্মাতা মেজবাউর রহমান সুমনের কাহিনি, সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান ও সুমন নিজে। ছবিটির চিত্রগ্রাহক ‘মনপুরা’ খ্যাত কামরুল হাসান খসরু, সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী।
‘হাওয়া’ ছবিটি প্রযোজনা করেছে সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লি.।








