ইস্পাহানি চ্যানেল আই-সুরের ধারার বর্ষবরণ ১৪৩২ অনুষ্ঠান এবার হতে যাচ্ছে ভিন্ন আঙ্গিকে। ভেন্যু বদলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। এবার বর্ষ বিদায়ের প্রতিপাদ্য স্বদেশ। আয়োজনে থাকছে পঞ্চকবির গান।
বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে শুরু হবে আয়োজন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সুরের ধারার শিল্পীদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা। অনুষ্ঠান স্থলে থাকবে বিভিন্ন লোকজ মেলার স্টল। মেলায় বিভিন্ন খেলাধুলার আয়োজনসহ থাকবে দেশীয় নানান ক্ষদ্র ও কুটির শিল্পের দোকান।
বর্ষবরণের শেষ সময়ের মহড়া চলছে লালমাটিয়ায়। এ নিয়ে আয়োজকরা জানান, বর্ষবিদায়ের অনুষ্ঠানে সুরের ধারা দেশের গান পরিবেশন করবে। আর বর্ষবরণের সকালে পরিবেশন করবে পঞ্চকবির গান ও লোক সংগীত। তিন শতাধিক শিল্পী মঞ্চে থাকার কথা জানানো হয়।
এরই মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, সুরের ধারা এবং চ্যানেল আইয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, অনুষ্ঠান সফল করতে সংস্কৃতি মন্ত্রণালয় সব রকম সহযোগিতা করবে।
এছাড়া একই স্থান থেকে ১৩ এপ্রিল সন্ধ্যা থেকে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান বা বর্ষবিদায় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।








