বেশ কিছুদিন ধরে আলোচনায় শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি ছাড়ছেন হামজা চৌধুরী। মৌসুমের বাকি অংশে খেলতে তাকে ধারে নিচ্ছে শেফিল্ড ইউনাইটেড। ব্রিটিশ গণমাধ্যমে খবর, দুপক্ষের মধ্যে চুক্তি পাকা হয়েই আছে, শুধু বাকি আনুষ্ঠানিকতা।
ইংলিশ ফুটবলের দ্বিতীয় বিভাগের লিগ ‘চ্যাম্পিয়নশিপে’র দল শেফিল্ড। তাদের নজরে ছিলেন বাংলাদেশ জাতীয় দলে খেলার অপেক্ষায় থাকা ২৭ বর্ষী হামজা। চুক্তির জন্য বেশ মুখিয়েই ছিল গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়া শেফিল্ড।
চলতি সপ্তাহে এফএ কাপের ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে ডিফেন্সিভ মিডফিল্ডার হামজাকে মাঠে নামাননি লেস্টার কোচ। পুরো সময় তিনি সাইডবেঞ্চে বসে ছিলেন। চলতি সপ্তাহেই শেফিল্ডের সাথে চুক্তি সেরে নেবে লেস্টার।
গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনে যায় শেফিল্ড। ৩৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ছিল টেবিলে সবার নিচে। অবনমনের পর তারা আছে প্রথম বিভাগ ফুটবলে। সেখানে সুবিধাজনক অবস্থায়ই আছে। চ্যাম্পিয়নশিপে শেফিল্ডের বর্তমান অবস্থান তিনে। দুইয়ে থাকা বার্নলির সমান ৪৯ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে তিনে।
ইংলিশ ফুটবলের কাঠামো অনুযায়ী, প্রথম বিভাগ চ্যাম্পিয়নশিপের তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা চারদল অংশ নেয় প্রিমিয়ার লিগ কোয়ালিফিকেশনে। শেফিল্ড আপাতত আছে সেই স্থানে। যেখানে অবস্থান করছে সান্দারল্যান্ড, মিডলসবরো, ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নও। শীর্ষে আছে লিডস ইউনাইটেড।
অবশ্য প্রিমিয়ার লিগে লেস্টার সিটিও সুবিধাজনক অবস্থায় নেই। ২০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আছে অবনমন অঞ্চলে। ১৯তম স্থানে আছে ২০১৬ সালের লিগ চ্যাম্পিয়ন লেস্টার।








