আগামী ১৮ এপ্রিল থেকে পবিত্র হজের ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজ কার্যক্রম বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ অংশের বিভিন্ন ব্যয় ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।
তিনি আরও জানান, সৌদি আরবের নির্ধারিত টাইমলাইন অনুযায়ী ভিসাসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের বহনকারী ফ্লাইট শুরু হবে।
হজের ব্যয় কমানোর বিষয়ে মন্ত্রী বলেন, ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীদের সুযোগ-সুবিধা, চাহিদা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।







