ঈদে মুক্তির পর থেকেই দর্শকপ্রশংসা ও ইতিবাচক আলোচনায় থাকা নির্মাতা রায়হান রাফী-এর সিনেমা ‘প্রেশার কুকার’ এবার বক্স অফিসেও দেখাচ্ছে শক্ত অবস্থান। মুক্তির ১৪ দিন পার করেও মাল্টিপ্লেক্সে বেশ ভালো অবস্থানে ছবিটি।
প্রযোজনা সূত্রে জানা গেছে, মুক্তির ১৪তম দিনেও সিনেমাটি আয় করেছে ৬ লাখ ১৮ হাজার টাকা। শো সংখ্যা কিছুটা কমলেও আয় বেড়েছে, যা নির্মাতাদের জন্য ইতিবাচক ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।
শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর বিভিন্ন মাল্টিপ্লেক্সে ছবিটির মোট ৯টি শো প্রদর্শিত হয়। এর মধ্যে স্টার সিনেপ্লেক্স-এর ৭টি, লায়ন সিনেমাস-এর ১টি এবং কে-স্ক্রিন সিনেপ্লেক্স-এর ১টি শো ছিল। এর মধ্যে ৬টি শো-ই ছিল হাউজফুল।
সব মিলিয়ে ১৪ দিন শেষে ‘প্রেশার কুকার’-এর মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ১ কোটি ১২ লাখ টাকা! শুধুমাত্র মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া একটি সিনেমার জন্য এই আয়কে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
এই অর্জন নিয়ে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা রায়হান রাফী। তিনি লিখেছেন, “দ্য পাওযার অব ওয়ার্ড অব মাউথ পাব্লিসিটি। দিন দিন বাড়ছে ‘প্রেশার কুকার’-এর কালেকশন— এটাই আমাদের চাওয়া ছিলো।” সেই সাথে নির্মাতা জানান,“আজকের সব শো হাউজফুল।”
প্রসঙ্গত, মুক্তির পর থেকেই ‘প্রেশার কুকার’ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়ে আসছেন সাধারণ দর্শক থেকে শুরু করে সংস্কৃতি অঙ্গনের অনেকেই। নির্মাণশৈলী, নারীকেন্দ্রিক গল্প এবং অভিনয়ের জন্য ছবিটি আলাদা করে প্রশংসা পাচ্ছে। অনেকেই এটিকে রাফীর ক্যারিয়ারের অন্যতম পরিণত কাজ বলেও মন্তব্য করছেন।
ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মস প্রযোজিত এই সিনেমায় অভিনয় করেছেন নাজিফা তুষি, বুবলী, মারিয়াসহ বহু গুণী অভিনয়শিল্পী।







