টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে নিহতের নাতি। তাকে উদ্ধার করে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস।
সন্ধা ৭টার দিকে উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
নিহত ওই নারী উপজেলার নরদহী এলাকার শুকুর আলীর স্ত্রী মরিয়ম (৫০) । আহত হয়েছে তাদের মেয়ের ঘরের নাতি সাহেদ (১০)।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. আতাউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শিশুকে উদ্ধার করে আমাদের অ্যাম্বুলেন্সে করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই টিটু জানান, নিহত ওই নারী তার নাতিকে নিয়ে ধলাটেঙ্গর মেয়ের বাড়ি যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।








