বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী গ্রামীণফোন প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ ব্যান্ডে ১০ মেগাহার্জ স্পেকট্রাম বরাদ্দের ডিমান্ড নোট পেয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে সকল নিয়ন্ত্রক শর্ত পূরণ সাপেক্ষে ১৩ বছরের জন্য এ স্পেকট্রাম বরাদ্দ দেওয়া হয়েছে।
এই বরাদ্দের মাধ্যমে জাতীয় রাজস্ব খাতে প্রায় ২,২০০ কোটি টাকা অবদান রাখবে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্পেকট্রাম ব্যবহারের মাধ্যমে দেশব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণ ও সেবার মান উন্নয়নে ভবিষ্যতে আরও বিনিয়োগ করা হবে।
৭০০ মেগাহার্জ লো-ব্যান্ড স্পেকট্রামের কারণে কম সংখ্যক বেস স্টেশন ব্যবহার করেই বিস্তৃত কভারেজ নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে শহরের ইনডোর এলাকাসহ গ্রামীণ, উপকূলীয় ও দুর্গম অঞ্চলে মোবাইল নেটওয়ার্কের মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, এই স্পেকট্রাম বরাদ্দ ফোরজি সেবার কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি ফাইভজি, এআই ও আইওটি’র মতো ভবিষ্যৎ প্রযুক্তির প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








