অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জিডিপি প্রবৃদ্ধির অধোগতি নিয়ে মোটেও চিন্তিত নয় সরকার। বরং ধাক্কা সামলে ভালো কিছুর প্রত্যাশা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সম্মেলনের ২য় দিনে বিশ্ব অর্থনীতির হালনাগাদ তথ্য জানিয়েছে সংস্থাটি। সেখানে বাংলাদেশের জন্য চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস সাড়ে ৪ শতাংশ হলে ২০ দেশের অর্থমন্ত্রীদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা একথা বলেন।
যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাংক গ্রুপের বৈঠকে আইএমএফ এমডি ক্রিস্টালিনা গিওরগিভা সামষ্টিক অর্থনীতি এবং মানব উন্নয়নে বাংলাদেশের অর্জনের প্রশংসা করেছেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন নব্বই পরবর্তী সব সরকারই এই কৃতিত্বের দাবিদার।
অন্তবর্তী সরকারের প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নে আর্থিক এবং কারিগরী সহযোগিতা দিতে সম্মত হয়েছে উন্নয়ন সহযোগিরা। এই বিষয়ে বিশ্বব্যাংক সদর দপ্তরে ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ব্যাংক থেকে ঠিক কী পরিমাণ অর্থ লোপাট হয়েছে, শিগগিরই তার হিসাব জানা যাবে।
অর্থ সমস্যা হবে না, আশ্বস্ত করেছে বিশ্বব্যাংক জানিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী জানান, তিনি মনে করছেন, সঠিকভাবে ব্যয় করতে পারলে উন্নয়ন সহযোগিদের কাছ থেকে যেকোন পরিমান অর্থ পাওয়া যাবে।








