সমাজের অবহেলিত ও প্রান্তিক নারীদের কল্যাণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
সোমবার (১৯ মে) দুপুরে রাঙ্গামাটি সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে গন্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, নারীরা যাতে সমাজে ন্যায্য অধিকার ও সুযোগ পায়, তা নিশ্চিত করতে সমাজসেবা বিভাগের সকল কর্মকর্তাকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
শারমীন এস মুরশিদ বলেন, পার্বত্য অঞ্চলের নারীরা যেন সারা দেশের মতো সমান সুযোগ-সুবিধা পায়, সে বিষয়ে আমাদের অঙ্গীকার রয়েছে। এজন্য পার্বত্য এলাকার সমাজসেবা ও সমবায় বিভাগের কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. ওমর ফারুক, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. বেবী ত্রিপুরা, নারী নেত্রী নিরুপা দেওয়ান, মঞ্জুলিকা খিসা প্রমুখ।
এর আগে সকালে উপদেষ্টা রাঙ্গামাটি সার্কিট হাউজে পৌঁছালে জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।







