এই খবরটি পডকাস্টে শুনুনঃ
দেশের স্বর্ণবাজারে একদিনের ব্যবধানে আবারও বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। সর্বশেষ দফায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভরিপ্রতি সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা পর্যন্ত সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই মূল্যহার আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। এর ফলেই স্বর্ণের দামে এই বড় ধরনের সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিপ্রতি ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।
সোনার দামের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন হিসাবে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৯৪০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা।
আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী, শনিবার সকালে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে আসে ৪ হাজার ৮৯০ ডলারে। এর আগের দিন এই দাম ছিল প্রায় ৫ হাজার ২০০ ডলার। আরও একদিন আগে, বৃহস্পতিবার স্বর্ণের দাম ৫ হাজার ৫৫০ ডলারের বেশি উঠে গিয়েছিল।








