আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামার প্রভাবে সোমবার দুই দফা দাম কমানোর পর আজ সকালে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা, যা সোমবার বিকেলে ছিল ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।
আজ (৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। ঘোষণার পরপরই নতুন দাম কার্যকর করা হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।
স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা অপরিবর্তিত রয়েছে।








