অস্ত্রধারী ডাকাত দলের গুলিতে প্রাণ হারিয়েছেন ঘানা প্রিমিয়ার লিগের ক্লাব বেরেকুম চেলসির ২০ বর্ষী উইঙ্গার ডমিনিক ফ্রিমপং। রোববার অ্যাওয়ে ম্যাচ খেলে ফেরার পথে তাদের দলের বাস ডাকাতদের হামলার শিকার হয়।
সোমবার বিবৃতিতে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) এ তথ্য জানিয়েছে। বলেছে, সাউথ-ওয়েস্ট অঞ্চলের শহর সামরেবোইয়েতে সামারটেক্সের বিপক্ষে ম্যাচ শেষ করে বেরেকুমের দিকে ফিরছিল চেলসি দল। পথে গোয়াসো-বিবিয়ানি সড়কে একদল অস্ত্রধারী ডাকাত বাস আটকায়।
বেরেকুম চেলসি বিবৃতিতে বলেছে, ‘সামরেবোই থেকে বেরেকুমে ফেরার পথে আমাদের দলের বাস একদল অস্ত্রধারী ডাকাত দ্বারা আক্রান্ত হয়। তারা রাস্তা আটকে আমাদের চলাচলে বাধা সৃষ্টি করে। বাসচালক যখন গাড়ি পেছানোর চেষ্টা করছিলেন, মুখোশধারী একদল লোক বন্দুক ও অ্যাসল্ট রাইফেল নিয়ে বাস লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। জীবন বাঁচাতে খেলোয়াড় ও স্টাফরা দ্রুত বাস থেকে নেমে পাশের ঝোপঝাড়ে আশ্রয় নিলেও ফ্রিমপং সন্ত্রাসীদের বুলেট থেকে বাঁচতে পারেননি।’
তরুণ ফুটবলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন। শোকবার্তায় জানিয়েছে, ডমিনিক ফ্রিমপং ছিলেন উজ্জ্বল তরুণ প্রতিভা। ফুটবলের প্রতি তার নিষ্ঠা ও আবেগ পুরো লিগের জন্য অনুপ্রেরণা ছিল। তার চলে যাওয়া কেবল বেরেকুম চেলসির নয়, পুরো ঘানার ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি।
মর্মান্তিক ঘটনার পর দেশের ঘরোয়া লিগের ক্লাবগুলোর যাতায়াতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। জিএফএ জানিয়েছে, ভবিষ্যতে ম্যাচ খেলতে যাতায়াতের সময় ক্লাবগুলোর জন্য নিরাপত্তাব্যবস্থা আরও কঠোর ও জোরদার করা হবে।







