প্রয়াত বিচারপতি ও আইনজীবীদের স্মরণে আগামী ৪ জুলাই সুপ্রিম কোর্টে ফুলকোর্ট রেভারেন্স (Reverence) অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যগণ (১০০ জন) ২০২২ থেকে ২০২৪ সালে ইন্তেকাল করায় আগামী ৪ জুলাই সকাল সাড়ে নয়টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতির আদালত কক্ষে এক ফুলকোর্ট রেভারেন্স (Reverence) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
‘ফুল কোর্ট রেভারেন্স’ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রয়াত বিচারপতি ও আইনজীবীদের স্মরণে তাদের কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয় এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন।








