নিজ বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়া-দাওয়া করিয়ে তুলা মিয়া নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধু নাজমুল হক।
সোমবার (২৫ আগস্ট) নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার গেরাপঁচা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত তুলা মিয়া পাশের ছালুয়াতলা ফকিরপাড়া গ্রামের নুরুল আমীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তুলা মিয়া ও নাজমুল হক একসাথে চলাফেলা করতেন। তাদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সময় চুরির অভিযোগ রয়েছে। রোববার রাতে নাজমুল তুলা মিয়াকে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে খাওয়া-দাওয়া করিয়ে দা দিয়ে কোপাতে শুরু করে। এসময় তুলা মিয়া দৌড়ে পালানোর চেষ্টা করলে পাশের ধান ক্ষেতের আইলে পা পিছলে পড়ে যায়। পরে কুপিয়ে তাকে হত্যা করে ফেলে পালিয়ে যায় নাজমুল। পরে স্থানীয় লোকজন তুলা মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, পারিবারিক দ্বন্দ্ব ও আর্থিক লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
থানার অফিসার ইনচার্জ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।








