স্বাধীন সাংবাদিকতায় বাধা হবে দেশে এমন কোনও আইন হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, ‘আমি একটা জিনিস ব্রডলি বলে দিতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সংবিধান উপহার দেন, তখন দুটি বিষয় অন্তর্ভুক্ত করেছেন। একটা হলো বাক স্বাধীনতা, আরেকটি সংবাদমাধ্যমের স্বাধীনতা। যেটা আমাদের সংবিধানে মৌলিক অধিকার হিসেবে গ্যারান্টি। সেই জিনিসটাই পাল্টে দেওয়া হবে, তা হয় না। আমি দৃঢ়ভাবে বলতে পারি, দেশে এমন কোনও আইন হবে না, যা স্বাধীন সাংবাদিকতায় বাধা হয়ে দাঁড়ায়।’
মঙ্গলবার ৩১ মে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’-এ আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। এ আইনে অনেক অহেতুক মামলা করা হচ্ছিল। এ প্রেক্ষাপটে ২০১৯ সালে আমি বলেছিলাম। এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করার পর তিনি ব্যবস্থা নিয়েছেন।
আইনমন্ত্রী আরও বলেন, এ আইনে মামলা হলে সঙ্গে সঙ্গে কাউকে যেন গ্রেফতার না করা হয়। আমরা সেই ব্যবস্থাও নিয়েছি। এর ফলে এখন যত্রতত্র গ্রেপ্তার হচ্ছে না। দরকার হলে এ আইনটি সংশোধন করা হবে।
মন্ত্রী বলেন, এটি সাংবাদিকতায় বাধা সৃষ্টির জন্য করা হয়নি। টেকনোলজির উন্নয়ন হয়েছে। এর মাধ্যমে যে অসুবিধার সৃষ্টি হচ্ছে, সেগুলোও মোকাবিলা করতে হবে। সেজন্য ডিজিটাল নিরাপত্তা আইনটি করেছি।








