ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় দায়িত্ব পালন করছেন দিদিয়ের দেশম। ১৯৯৮ সালে তার অধিনায়কত্বে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। ২০১৮ সালে ফরাসিরা যখন দ্বিতীয় বিশ্বকাপ জেতে তখন তিনি কোচ। ইতিহাসের তৃতীয় ব্যক্তি হিসেবে খেলোয়াড় ও কোচের ভূমিকায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়া দেশম বর্তমান মেয়াদ শেষে আর ফরাসিদের কোচের দায়িত্বে থাকবেন না, জানিয়েছেন নিজেই। পরবর্তী কোচের দৌড়ে আছেন কিংবদন্তি জিনেদিন জিদান।
ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) মঙ্গলবার বিষয়টি জানিয়েছে। ২০২৬ সালে চুক্তি শেষের পর মেয়াদ আর বাড়াতে চান না সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার। কাতার বিশ্বকাপের পরও দেশমের ভবিষ্যৎ নিয়ে আলোচনা উঠেছিল। ২০২৩ সালের জানুয়ারিতে পরের বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়ায় এফএফএফ।
ফ্রান্সে এক সাক্ষাৎকারে ৫৬ বর্ষী দেশম বলেছেন, ‘২০২৬ সালে এটা শেষ হবে। নিজের কাছে আমি এ বিষয়ে পরিষ্কার। ফ্রান্সকে শীর্ষ পর্যায়ে ধরে রাখতে একইরকম প্যাশন ও আকাঙ্ক্ষা নিয়ে আমি দায়িত্ব পালন করে আসছি, তবে ২০২৬ বিশ্বকাপের পর ইতি টানার দারুণ সময়।’
‘সবারই নিজে থেকে একটা সময় থামার সিদ্ধান্ত নেয়ার অবস্থায় থাকতে হবে। এরপরও জীবন আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ফ্রান্সের শীর্ষ অবস্থান ধরে রাখা, যেমন অনেক বছর ধরে তারা আছে।’
২০১২ সালে ফ্রান্সের কোচ হিসেবে যোগ দেন দেশম। ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে ফরাসিরা। ফাইনালে হেরে গেলেও দুবছর পর বিশ্বকাপ জেতে দলটি। ২০২১ সালে উয়েফা নেশন্স লিগও জেতে ফ্রান্স।
২০২২ কাতার বিশ্বকাপে ফাইনালে উঠেছিল ফ্রান্স। শিরোপা লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয়তায় ভরা ম্যাচে টাইব্রেকারে হেরে যায় দেশমের দল।








