শাহাদাত হোসেন তিতু: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যার ঘটনার জের ধরে শনিবার সকাল থেকে শুরু হওয়া এ সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া অব্যাহত রয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ বাজার এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। এতে মুনসুরাবাদ গ্রামের বাসিন্দাদের সঙ্গে খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের লোকজন জড়িয়ে পড়েন। দেশীয় অস্ত্র, ইটপাটকেল ও কাঁচের বোতল নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।
কয়েকদিন আগে ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে এক কিশোরকে লাঞ্ছিত করার ঘটনা থেকেই বিরোধের সূচনা। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষে অনেকেই আহত হন। পরে রাত হলে পরিস্থিতি শান্ত হলেও শনিবার সকালে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।







