মহান বিজয় দিবসে স্বাধীনতার বিরোধী শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের মুক্তিকামী ও গণতন্ত্রকামী মানুষ এসব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
মির্জা ফখরুল বলেন, একাত্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা আবার সক্রিয় হতে চায়। কিন্তু এদেশের মানুষ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে। আজকের দিনে আমরা শপথ নিয়েছি, গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, তার চূড়ান্ত বিজয় আসে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর ‘অপারেশন সার্চলাইট’-এর মাধ্যমে গণহত্যা শুরুর পর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ সংগ্রামে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে যুদ্ধের অবসান ঘটে।
মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের রাজনৈতিক লড়াই চলবে। বিজয় দিবসে আমরা মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাই।








