ভূমিকম্প পরবর্তী অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার জন্য মিয়ানমারে গিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল।
আজ মঙ্গলবার বিশেষ বিমানযোগে সকাল ১১.৩৫ ঘটিকায় ঢাকা ছাড়ে দলটি। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পাঠানো সম্মিলিত সাহায্যকারী দলের সাথে ফায়ার সার্ভিসের ১০ সদস্যের এই উদ্ধারকারী দল।
মঙ্গলবার বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
জানা যায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ঢাকা বিভাগের উপপরিচালক মোঃ ছালেহ উদ্দিনের নেতৃত্বে ৩ জন অফিসার ও ৭ জন ফায়ারফাইটার এই উদ্ধারকারী টিমে রয়েছে।
এর আগেও ২০২৩ সালে তুরস্কের ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজ পরিচালনার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে একটি উদ্ধারকারী টিম পাঠানো হয়েছিল।








