নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করেছে।
বুধবার (১৫ জুলাই) ভোর ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের অনন্ত অ্যাপারেলস লিমিটেডের কাপড়ের গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে, অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহ করতে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও বেপজা (বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি) কর্তৃপক্ষ তাদের কারখানার ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি। ফলে ঘটনাস্থলের ভেতরের পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব হয়নি।







