ডালাসে সুইডেনের বিপক্ষে দারুণ খেলেছে জাপান। আগে লিড পেলেও শেষ অবধি ড্র করলেও নকআউট নিশ্চিত হয়েছে এশিয়ার দলটির। শেষ-৩২ এ জাপান প্রতিপক্ষ পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। অন্য ম্যাচে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে নকআউটের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস, তাদের পরবর্তী রাউন্ডে প্রতিপক্ষ মরক্কো। আর গ্রুপের তৃতীয় সেরা দলগুলোর তালিকায় শক্ত অবস্থান তৈরি করে পরের রাউন্ড নিশ্চিত করেছে সুইডেনও।
জাপানের সামনে হিসেবটা এমন ছিল- সুইডেনের বিপক্ষে জয় কিংবা ড্র করলেই নকআউট পর্ব নিশ্চিত। অন্যদিকে সুইডেনের প্রয়োজন ছিল জয়। তবে ১-১ গোল সমতায় পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দুদল। তাতে নকআউট নিশ্চিত হয়েছে দুদেশেরই। এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের রানার্সআপ হয়ে শেষ-৩২ এ জাপান, আর ৪ পয়েন্ট নিয়ে সুইডেন সেরা তৃতীয় দলের তালিকায় থেকে। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপচ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস।
আগামী ২৯ জুন হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে নকআউটপর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টায় জাপান মুখোমুখি হবে ব্রাজিলের। আর ৩০ জুন ভোর ৭টায় মন্তেরের এস্তাদিও বিবিভাতে মরক্কোর বিপক্ষে নামবে নেদারল্যান্ডস। অন্যদিকে সুইডেনের এখনও প্রতিপক্ষ নির্ধারিত হয়নি। গ্রুপপর্বের খেলাগুলো শেষে প্রতিপক্ষ পেয়ে যাবে সুইডিশরা।
ডালাস স্টেডিয়ামে সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জাপান। ৫৬ মিনিটে দাইজেন মায়েদার গোলে এগিয়ে যায় জাপান। এরপর অ্যান্থনি এলাঙ্গার গোলে সমতায় ফেরে সুইডেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে খেলার তৃতীয় মিনিটেই নিজেদের জালে বল জড়ান এলিস খিরি। ১-০তে পিছিয়ে যায় তিউনিসিয়া। এরপর সপ্তম মিনিটে নেদারল্যান্ডসের লিড দ্বিগুণ করেন ব্রায়ান ব্রোবি। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নেদারল্যান্ডস।
বিরতি থেকে ফেরার পর ৫৪ মিনিটে হাজেম মাস্তুরির গোলে ব্যবধান কমায় তিউনিশিয়া। তবে ৬২ মিনিটে কর্নার থেকে বল পেয়ে হেডে তিউনিসিয়া জালে বল পাঠিয়ে নেদারল্যান্ডসের ব্যবধান ৩-১ করেন ইয়ান পল ফন হেকে।







